রাজধানী ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে কালবৈশাখী ধরনের ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রবৃষ্টির সঙ্গে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঢাকাসহ আশপাশের এলাকাতেও দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে খোলা জায়গা, নদীপথ ও অস্থায়ী স্থাপনার আশপাশে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

