ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন।
প্রশাসন সূত্র জানায়, বুধবার (১ এপ্রিল) গভীর রাতে বাগারপাড়া এলাকায় মেসার্স এআর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ৫২০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং লিটনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি গোপনে ডিজেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ডিত করার পাশাপাশি জব্দ করা ৫২০ লিটার ডিজেল এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, বর্তমান জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


