বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস বলেন, সকাল থেকেই কুকুরের কামড়ে আহত একাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকে বরিশালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাদা-কালো রঙের একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ করে এলাকায় ঘুরে বেড়িয়ে মানুষকে কামড়াতে শুরু করে। কুকুরটি পদ্মা, রুহিতা ও হাড়িটানা গ্রামের বিভিন্ন স্থানে কয়েকজনকে আক্রমণ করে আতঙ্ক ছড়িয়ে দেয়।
পদ্মা এলাকার বাসিন্দা হিরু জমাদ্দার জানান, তাদের বাড়ির একই পরিবারের তিনজনকে কামড়ানোর পর কুকুরটি দ্রুত হাড়িটানা এলাকার দিকে চলে যায়।
অন্যদিকে, হাড়িটানা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সাহিন জানান, তার চাচা আবুল কালাম কুকুরটির হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, কুকুরটি তার চাচার গালের মাংস ছিঁড়ে নেয়। পরে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।


