ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১০ এপ্রিল) কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বিষয়টি জানানো হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুযায়ী ৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্থগিতকৃত সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের শূন্য আসনের উপনির্বাচনে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। তার পিতা সেরাজল হক এবং মাতা মোছা. হেলেন আক্তার। তার ঠিকানা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকা।
অন্যদিকে বগুড়া-৬ আসনে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। তার পিতা মো. শাহ আলম এবং মাতা জাহানারা বেগম। তিনি বগুড়া সদরের শিববাটী এলাকার বাসিন্দা।
নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুই আসনের নির্বাচিত প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হলো। এর ফলে সংশ্লিষ্ট আসনগুলোতে প্রতিনিধিত্বের প্রক্রিয়াও সম্পন্ন হলো।


