অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ গরু জবাই করে তার মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের বাজার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি বন্ধে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ একটি গরুর মাংস সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে এমন গোপন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়। অভিযানকালে অভিযুক্ত মাংস বিক্রেতা জেলাল শেখ অসুস্থ গরু জবাই করার কথা স্বীকার করেন। এরপর জব্দ করা হয় সেই মাংস।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান জানান, অভিযুক্ত বিক্রেতা নিজ বাড়িতে অসুস্থ গরুটি জবাই করে বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। গরুটির পা ও পেটে সমস্যা ছিল। জব্দ করা মাংসগুলো তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
ইউএনও রওজাতুন জান্নাত বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ মাংস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
