দুর্গাপূজায় গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: প্রতিমন্ত্রী

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। কোনো অপশক্তি বা নিষিদ্ধ সংগঠন যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার বিষয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন। তিনি সবাইকে একযোগে মণ্ডপ পাহারা দেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতের আমির রমজান আলী এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, এ বছর কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় মোট ৪১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

