নিজস্ব প্রতিবেদক : বগুড়ার ফতেহ আলী বাজারে মসলায় ধানের তুষ ও পঁচা মরিচ মেশানোর দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাজারের ছাতা পট্টির গলিতে বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে, র্যাব-১২ এবং জেলা পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই তদারকিমূলক অভিযানে দোলন নামের একটি খুচরা মসলা বিক্রয়ের দোকানে এক বস্তা ধানের তুষ এবং এক বস্তা পঁচা ও নিম্নমানের মরিচ পাওয়া যায়, যা মসলায় মিশ্রণের জন্য রাখা হয়েছিল। অপরাধ স্বীকার করায় দোকান মালিক দোলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বগুড়া হলুদ মিল নামের অন্য একটি প্রতিষ্ঠানে, ভালো হলুদের সাথে মিশ্রণ করার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে নষ্ট ও নিম্নমানের মৌরী হলুদ মজুত রাখতে দেখা যায়। লাইসেন্সবিহীন এই মিলের মালিক রোকনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানে জানান, লাইসেন্সহীনভাবে ব্যবসা পরিচালনা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানের মিশ্রণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযুক্তদের কঠোরভাবে সতর্ক করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


