অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মজনু শাহ ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি প্রবাস থেকে বাড়ি ফেরেন। গ্রেপ্তারকৃত মজনু শাহ সম্পর্কে বাদীনির মামাতো দেবর হন। পাওনা টাকা আদায়ের অযুহাতে মজনু প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
গত ২৪ মার্চ সকাল ১০টার দিকে ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে মজনু শাহ ঘরে প্রবেশ করেন। সেখানে পাওনা টাকাসহ বিভিন্ন বিষয়ে কথা বলার এক পর্যায়ে তিনি গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় গৃহবধূর চিৎকারে অভিযুক্ত মজনু কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।
এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৩০ মার্চ শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৩-এর ৯(১) ধারায় একটি মামলা (এফআইআর নং-৩১) দায়ের করেন। মামলার পর ওই রাতেই শেরপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে অভিযুক্ত মজনু শাহকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


