নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান হবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে, যাতে শিক্ষার্থীরা সময়মতো মানসম্মত বই পায়।
শপথ গ্রহণের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মব করে অটো পাসের মতো অনিয়ম হয়েছে। এছাড়া ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কার্যক্রমে অংশ নিয়েছেন। “এ ধরনের অব্যবস্থা আর কখনো সহ্য করা হবে না,” যোগ করেন তিনি।
মিলন আরও বলেন, বাংলাদেশে নকলবিরোধী অভিযান অব্যাহত থাকবে, আর নতুন কোনো দরকার হবে না। “আমার পূর্ববর্তী মন্ত্রিত্বে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। এখানেও দুর্নীতি থাকবে না, থাকবে না কোনো সুযোগ,” বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, শিক্ষা কারিকুলাম রিভিউ ও আধুনিকায়ন করা হবে। দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে এবং কোনো অনিয়ম ঘটালে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।
শিক্ষামন্ত্রী এ সময় পুনর্ব্যক্ত করেন, মন্ত্রণালয় এখন থেকে আরও স্বচ্ছ, দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীবান্ধবভাবে কাজ করবে, যাতে শিক্ষা ব্যবস্থাকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সাজানো যায়।


