টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই দিনের ব্যবধানে ঘটে যাওয়া এ ঘটনায় জেলার অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) আরেক শিশুর মৃত্যু ঘটে। দুই শিশুই টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এ চিকিৎসাধীন ছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আট শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি আইসোলেশন ওয়ার্ড চালু করেছে।
শুধু জেনারেল হাসপাতাল নয়, জেলার বিভিন্ন সরকারি হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে আরও রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে শুক্রবার পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজি মো. মাহবুবুল আলম মঞ্জু বলেন, ভোরে এক শিশু এবং আগের দিন আরেক শিশুর মৃত্যু হয়েছে। দুই দিনে দুই শিশুর মৃত্যু হওয়ায় স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে হামের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
তিনি রোগীর স্বজনদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান এবং শিশুদের অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।


