নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার।
মামলার তথ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে তামান্না জেসমিন রিভাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রিভা ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান বলে জানা যায়। এরপর দীর্ঘ সময় জনসম্মুখে তাকে দেখা যায়নি। পরে ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
হাইকোর্টে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।


