ফরিদপুরে হাসাহাসি নিয়ে সংঘর্ষ, আহত ৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পার্কের সামনে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে উচ্চস্বরে হাসাহাসি নিয়ে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং পরবর্তীতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা হৃত্বিক শেখ (২১) এবং কাকন (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, হৃত্বিকের পেটে ছুরিকাঘাত করা হয়েছে এবং কাকনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলা পার্কের সামনে হৃত্বিক ও কাকনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল এবং আনাম, মেহেদী ও সাগরের নেতৃত্বে আরও ১২-১৩ জনের একটি দল চটপটি-ফুচকা খাচ্ছিল। দ্বিতীয় গ্রুপের কয়েকজনের উচ্চস্বরে হাসাহাসি প্রথম গ্রুপের সদস্যদের সঙ্গে তর্কাতর্কির জন্ম দেয়। একপর্যায়ে এই তর্কাতর্কি ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে হৃত্বিক ও কাকন গুরুতর আহত হন এবং অপর পক্ষের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেন।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বোয়ালমারী সরকারি কলেজের পুকুরঘাট, অডিটোরিয়াম এবং রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় কিশোরদের বেপরোয়া আড্ডা ও মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত পুলিশি অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, চটপটির দোকানে হাসাহাসি নিয়ে এই ঘটনা ঘটেছে। এ পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

