ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোলায়েম হোসেন (৪৮) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোলায়েম হোসেন ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কালীশংকরপুর গ্রামের আবুল মণ্ডলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি এবং চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে মোলায়েম হোসেন পার্শ্ববর্তী আব্দালপুর গ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হরিশংকরপুর গ্রামের স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতি রোধ করে। মোটরসাইকেল থামানো মাত্রই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, 'আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পেছনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার সারা শরীরে অন্তত ২০টি কোপের চিহ্ন রয়েছে।' মোলায়েম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও তিনি জানান।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য মোলায়েম হোসেনকে মারাত্মকভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। বর্তমানে নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
