ভালুকায় নারী শ্রমিককে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার আল আমিন (৩৬) ও হুসেন (২২)। মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামি ইকবাল হোসেন একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ভালুকা উপজেলার একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন। গত ৪ অক্টোবর রাতে কাজ শেষে আনুমানিক ১০টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশাযোগে নয়নপুর এলাকায় এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। নয়নপুরের ৯ নম্বর এলাকায় পৌঁছে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় আসামিরা তাকে জোরপূর্বক তুলে আল আমিনের বসতঘরে নিয়ে যান। সেখানে মুখ কাপড় দিয়ে বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ধর্ষণের পর ঘটনাটি কাউকে না বলার জন্য ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি ভালুকা মডেল থানায় গিয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল আলম জানান, মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি ইকবাল হোসেনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

