গোবিন্দগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে বৌভাত, বরের বাবা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে ছেলের বৌভাতের আয়োজন করার অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৌভাতের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পুলিশ জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করে থানায় নিয়ে গেছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।

এদিকে, শুক্রবার ভোররাতে উপজেলার পূর্ব মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলামের একটি গরু গোয়ালঘর থেকে চুরি হয়। চুরি যাওয়া গরুর পায়ের দাগ অনুসরণ করে শহিদুল ও তার ভাতিজা আনারুল রফিকুল ইসলামের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, বৌভাতের জন্য জবাই করা গরুটি তাদের চুরি যাওয়া গরু।
এ নিয়ে প্রতিবাদ জানালে কথাকাটাকাটির একপর্যায়ে রফিকুল ইসলামের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের ভাতিজা আনারুলের মাথায় আঘাত করেন। এতে আনারুল গুরুতর আহত হন। এরপর শহিদুল মোবাইল ফোনে গোবিন্দগঞ্জ থানায় বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বর সোহান ও তার ভাই রাব্বি পালিয়ে যান। পুলিশ রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

