সরকারি হাসপাতালের জরুরি বিভাগে প্লাস্টার ধসে আহত ৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার বিকট শব্দে খসে পড়েছে। এ ঘটনায় হাসপাতালটির এক নার্স ও ইন্টার্ন শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে জরুরি বিভাগে হঠাৎ ছাদের প্লাস্টার ধসে পড়ে। আহতরা হলেন—স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫), মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), পৌর এলাকার সুজপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুরের আব্বাস আলী (২৬) এবং পাকাপানের নরেন চন্দ্র (৩৮)। আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম কিছুটা বেশি আঘাত পেয়েছেন। ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে কোনো চিকিৎসা দিতে হয়নি।
প্লাস্টার ধসে পড়ার পর জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে কক্ষ থেকে বের হয়ে যান। এ ঘটনার পর কিছু সময়ের জন্য জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ থাকলেও পরে আবার ওই কক্ষেই চিকিৎসাসেবা কার্যক্রম যথারীতি চালু করা হয়।
চিকিৎসা নিতে আসা লক্ষ্মীপুর গ্রামের রহিমা বেগম বলেন, আমি চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলাম। রোগীর বেডে শোয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও কয়েকজনকে আহত হতে দেখেছি।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা আক্তার সুইটি বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও তাদের স্বজনদের ভিড় ছিল। এরই মধ্যে আকস্মিকভাবে বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে অন্তত পাঁচজন আহত হন। তবে আহতদের কারও আঘাতই গুরুতর নয়।
ঘটনাস্থল পরিদর্শনে এসে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম বলেন, ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি পরিত্যক্ত ঘোষণা করা জরুরি।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে অনেক রোগী ছিলেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়াটাই বড় কথা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে জানানো হয়েছে। সেখান থেকে প্রকৌশলী এসে সরেজমিনে দেখে গেছেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে



