চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও যথাযথ বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
রোববার (২৪ মে) রাতে সংগঠনের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ একজন নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন—এমন অভিযোগ ও স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। বিষয়টি প্রকাশ্যে আসার পরই সংগঠনটি এ ঘটনায় নিন্দা জানায়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ওই ধরনের মন্তব্য সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং সংগঠনের আদর্শ ও নৈতিক অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
এ ঘটনার পর আলী আহসান মুজাহিদের সঙ্গে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সকল স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এক যৌথ বিবৃতিতে বলেন, সংগঠন শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে। কিন্তু ওই শিক্ষার্থীর আচরণ সংগঠনের নীতির পরিপন্থী হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনে সংগঠন সহযোগিতা করবে।


