গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন চলাকালে হামলায় আহত তৌফিক শেখ (২২) মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাড়িতে পৌঁছান।
তৌফিকের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় ছয়ঘরিয়া গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।
তৌফিক ছয়ঘরিয়া গ্রামের মৃত তবিবর রহমান তবির ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জীবিকার প্রয়োজনে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্বজন ও স্থানীয়রা জানান, বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকার তাগিদে এক বন্ধুর মাধ্যমে পোশাক কারখানায় চাকরি নেন তৌফিক। গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে সাম্প্রতিক আন্দোলনে তিনিও অংশ নিয়েছিলেন।
তৌফিকের বড় ভাই হারুন মিয়া জানান, গত সোমবার আন্দোলন চলাকালে হামলার একটি ঘটনা মুঠোফোনে ধারণ করার চেষ্টা করছিলেন তৌফিক। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে আন্দোলনরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হারুন মিয়া বলেন, ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তৌফিকের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ মঙ্গলবার রাতে বলেন, রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার তাঁর দাফন সম্পন্ন হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

