অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৯ মে, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ সহজ করতে ‘জনসংযোগ ২৪/৭’ নামের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। গত সোমবার থেকে চালু হওয়া এই প্ল্যাটফর্মের ওয়েব ঠিকানা www.gmsirajmp.com। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনসেবাকে আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে এলাকার বাসিন্দারা মূলত তিনটি বিষয়ে সরাসরি এমপির সাথে যুক্ত হতে পারবেন, যেকোনো অভিযোগ জানানো, এলাকার উন্নয়নসংক্রান্ত চাহিদা তুলে ধরা এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদান। অভিযোগকারী চাইলে নিজের পরিচয় গোপন রেখেও তথ্য প্রদান করতে পারবেন। প্রতিটি আবেদনের বিপরীতে একটি ট্র্যাকিং নম্বর দেওয়া হবে, যার মাধ্যমে পরবর্তীতে ওই আবেদন বা অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে পারবেন নাগরিকরা।

Sponsored Link

এমপির এই ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তবে এটি কার্যকর করতে সচেতন নাগরিকরা কিছু পরামর্শও দিয়েছেন। শেরপুর শহরের বাসিন্দা হানিফ মণ্ডল ও গাড়িদহ ইউনিয়নের লিটন কুণ্ডু জানান, সরাসরি যোগাযোগের এই সুযোগটি চমৎকার, তবে অভিযোগের প্রেক্ষিতে এমপি সাহেবের দপ্তর থেকে দ্রুত সাড়া (ফিডব্যাক) পাওয়া গেলে এর সুফল ভোগ করবে জনগণ।

শাহবন্দেগী ইউনিয়নের সাইফুল ইসলাম বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য ও নথি ওয়েবসাইটে সংযুক্ত করা উচিত।” এছাড়া তরুণ সংগঠক সুমন আরাবী এই উদ্যোগের ব্যাপক প্রচারণার ওপর জোর দিয়ে বলেন, কেবল ফেসবুক নয়, বরং সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর সামনে ব্যানার টানানো এবং ইউনিয়ন পর্যায়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হলে প্রান্তিক মানুষ এই সুবিধা সম্পর্কে জানতে পারবে।

Sponsored Link

এ বিষয়ে সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেন, “জনগণের সমস্যার কথা সরাসরি এবং দ্রুততম সময়ে জানতেই এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। প্রাপ্ত প্রতিটি মতামত ও অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক শেরপুর-ধুনট গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link