জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করীম বাদশা-কে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী দুই সংসদ সদস্য শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এবিএম আশরাফ উদ্দিন এবং মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপু। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। অন্যদিকে বগুড়া-৬ আসনে বিজয়ী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।
পরবর্তীতে ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুই আসনেই ক্ষমতাসীন বিএনপির প্রার্থীরা বিজয়ী হন। শনিবার নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৬ সংসদ সদস্য শপথ নেন। সে সময় স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা শেষ হলেও আদালতের নির্দেশনার কারণে তা এখনো ঘোষণা করা হয়নি। মামলার নিষ্পত্তি শেষে ওই দুই আসনের ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।


