বগুড়ায় ঢাকা–রংপুর মহাসড়কে একটি বিলাসবহুল বাসে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় রেজভী পরিবহন নামের একটি এসি বাস থামিয়ে অভিযান চালানো হয়। ওই সময় বাসে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে রংপুরগামী বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে দুই যাত্রীর কাছ থেকে মোট দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতার হওয়া দুজন হলেন, ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার নেয়াবন্দর এলাকার মো. ফাজিল উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩২) এবং একই জেলার সুকানপুকুর ইউনিয়নের লাউথুতি এলাকার নুর আলমের ছেলে রাশিদুল ইসলাম (২৬)।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


