ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না, সরকারও পায় না।
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সীমান্তে নতুন করে বেড়া নির্মাণের ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, যদি সত্যিই মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়, তাহলে কাঁটাতারের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। তিনি বলেন, যেখানে বাংলাদেশের কথা বলা প্রয়োজন, সেখানে সরকার স্পষ্টভাবে কথা বলবে।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশ সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের কথাও জানান তিনি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা যাতে বাংলাদেশবিরোধী কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে।
তারেক রহমানের সম্ভাব্য চীন সফর নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় কোনো দেশের সঙ্গে যোগাযোগ রাখা অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চীন সফর করতে পারেন, তাহলে তারেক রহমানের সফর নিয়েও প্রশ্ন তোলার কারণ নেই।
তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথাও জানান হুমায়ুন কবির। তিনি বলেন, এ প্রকল্পে অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে।


