২০২৪ সালের ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাঁচ আগস্টের পর এমন বহু মামলা হয়েছে, যেখানে শত শত, এমনকি হাজার হাজার আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব মামলার উদ্দেশ্য ছিল হয়রানি। তার ভাষায়, এ ধরনের কিছু মামলা সরকারের নজরে এসেছে এবং একটি সুবিধাবাদী শ্রেণি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করেছে।
তিনি বলেন, মামলাগুলো যাচাই-বাছাই করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব। মামলাবাজির মাধ্যমে যদি কাউকে অযথা হয়রানি করা হয়ে থাকে, তবে সেটি বন্ধ করতে হবে।
মামলা প্রত্যাহার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যাহার করা মামলার ক্ষেত্রে হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা বাদ দেওয়া হয়েছে। অন্য মামলাগুলো পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে; পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত মামলাও আছে।
মন্ত্রী আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের বিষয়ে সরকার নতুন করে একটি উদ্যোগ নিয়েছে। তবে এই প্রক্রিয়ার কোনো ধরনের অপব্যবহার যেন না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে


