ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির কামড়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার আহত হয়েছেন। এ সময় আট পিস ইয়াবাসহ সুজন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রাম এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানে ইয়াবাসহ সুজনকে আটক করা হয়। আটক সুজন ওই গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে আটক এড়াতে এসআই রতন কৃষ্ণ হাওলাদারের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন সুজন। পরে অন্য পুলিশ সদস্যদের সহায়তায় তাকে নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, মাদক ব্যবসায়ী সুজনকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। অভিযানের সময় তিনি এসআই রতন কৃষ্ণ হাওলাদারের হাতে কামড় দেন। অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, আহত এসআই প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে থানা পুলিশ।


