দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে এবং তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ে সরকার ইতোমধ্যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের নানা দাবি শোনা গেলেও মাঠপর্যায়ে দৃশ্যমান উন্নয়ন হয়নি। এখন সরাসরি জনগণের কাছে গিয়ে কাজ করতে গিয়ে বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।
এ সময় টাঙ্গাইলের পার্ক বাজার এলাকার রাস্তা ও বাজার উন্নয়নের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং জরুরি ভিত্তিতে উন্নয়ন কাজ শুরু করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ ও শফিকুর রহমান খান শফিকসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


