যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, যমুনা সেতু বাস্তবায়ন করা হয়েছে তাদের সরকারের সময়েই। একইভাবে পদ্মা সেতুর উদ্যোগও তাদের পক্ষ থেকেই নেওয়া হয়েছিল। তিনি বলেন, দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয়েছে।
তিনি আরও বলেন, পদ্মা সেতু জাদুঘর অনেক আগেই হওয়া উচিত ছিল। কেন আগের সময়ে এটি হয়নি, তা তার জানা নেই। তবে দেশের স্বার্থে এবং সাধারণ মানুষকে এই গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে জাদুঘরটি অত্যন্ত প্রয়োজনীয়। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবে।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দেশজুড়ে সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গাছ লাগানোর পাশাপাশি তা বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে। তবেই পরিবেশ সুরক্ষা কার্যক্রম সফল হবে।


