কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘুমের মধ্যে বাবার পাশ থেকে নিখোঁজ হয়েছে ১০ মাস বয়সী শিশু রায়হান। ভোরে ঘরের ভেতর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুরে তল্লাশি ও এলাকায় মাইকিং করেও শিশুটির সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বেগের মধ্যে রয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের রাসেল খান ও রুমা বেগমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রায়হান তার বাবা রাসেল খানের সঙ্গে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। এদিকে মা রুমা বেগম ঘরের বাইরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে ঘরে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন তিনি। এরপর পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
রায়হানকে খুঁজে পেতে সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। আশপাশের পুকুরে পানি সেচে খোঁজ করা হয়েছে। শিশুটির সন্ধান চেয়ে স্থানীয় এলাকায় মাইকিংও করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা রাসেল খান। তিনি বলেন, ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন তিনি। ঘুম থেকে উঠে পাশে সন্তানকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কিন্তু অনেক চেষ্টা করেও ছেলেকে পাননি। এ সময় সন্তানকে খুঁজে পেতে সবার সহযোগিতা চান তিনি।
শিশুটির মা রুমা বেগমও ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন। তিনি বলেন, ঘরের বাইরে কাজ শেষে ভেতরে এসে ছেলেকে দেখতে না পেয়ে তার বাবাকে ডাকেন। পরে পরিবারের অন্য সদস্যদের নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান পাননি।
এদিকে, শিশুটিকে উদ্ধারে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও খোঁজ চালিয়ে যাচ্ছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
