পটুয়াখালীতে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

পটুয়াখালীর লোহালিয়া নদীতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় জিরা বহনের কাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদী সংলগ্ন পালপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। অভিযান চলাকালে নদীতে একটি সন্দেহভাজন কার্গো বোটের গতিবিধি দেখে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই কার্গো বোট থেকে আনুমানিক ২১ হাজার কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত এই জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব জিরা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল।
কোস্ট গার্ড আরও জানায়, অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়, যার ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ২১ হাজার কেজি জিরা ও কার্গো বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


