ভারতে পালানোর সময় আখাউড়ায় জুলাই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইদ্রিস আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি ঢাকার আশুলিয়া থানায় ৫ আগস্টের ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার আসামি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইদ্রিস আলী ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার আলী আহাম্মদের ছেলে। গ্রেপ্তারের পর তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইদ্রিস আলী তার বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে আসেন। এ সময় তার ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে জানা যায়, তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ৫ আগস্টের পর একাধিক হত্যা মামলা রয়েছে। এরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইদ্রিস আলীর বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শন এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, ইদ্রিস আলী ভারতে যাওয়ার জন্য সকালে ইমিগ্রেশনে আসেন। কাগজপত্র যাচাইয়ের সময় তার নামে একাধিক হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


