নরসিংদী থেকে লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, নিহত ১ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জুয়েল মিয়া। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ির সঙ্গে সফু সরকার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩০ জুন তাদের মধ্যে একবার সংঘর্ষ হয়। এরপর সফু সরকারের অনুসারীরা এলাকাছাড়া ছিল। সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেন নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষের ওপর হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫-৬ জন গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন হামলায় আহত হন। আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে।
ওসি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত জুয়েলের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

