সীতাকুণ্ডে পুলিশ সদস্যকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে পুলিশ তাকে আটক করার চার ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
শুক্রবার (২ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে থাকা) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা এলাকায় গাড়ি পার্কিং করা নিয়ে থানার কনস্টেবল ও ওসির গাড়িচালক শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কনস্টেবল শফিককে মারধর করেন ইসমাইল।

এই ঘটনার পর পুলিশ ইসমাইল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা থানায় ভিড় করেন। দীর্ঘ চার ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, পুলিশ সদস্যের গায়ে হাত তোলার অভিযোগে ইসমাইলকে আটক করা হয়েছিল। পরবর্তীতে দলীয় নেতা-কর্মীদের তদবির এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড আর করবেন না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, সামান্য কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


