‘চোর চোর’ বলে চিৎকার, ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

কক্সবাজারের মহেশখালীতে ঘরে ঢোকা এক চোরের ছুরিকাঘাতে শিল্পী রানী সুশীল (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত শিল্পী রানী হোয়ানক এলাকার বাসিন্দা রবীন্দ্র লাল সুশীলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিল্পী রানী নিজ ঘরে রান্না করছিলেন। এ সময় এক অপরিচিত ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে শিল্পী রানী ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে ওই ব্যক্তি তাঁর মুখ চেপে ধরেন। একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই ব্যক্তি।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শিল্পী রানীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে চুরির উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই গৃহবধূর বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁকে দেখে গৃহবধূ চিৎকার শুরু করলে ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পেটের নিচে, বুকে ও দুই হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


