টেকনাফে বসতঘরে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ১২ বছরের শিশু

কক্সবাজারের টেকনাফে একটি বসতঘরে ঢুকে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ‘মান্নান বাহিনীর’ বিরুদ্ধে। এ ঘটনায় ১২ বছর বয়সী এক শিশুসহ দুই চাচাতো ভাই আহত হয়েছে। শিশুটির পেটে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় হাফেজ জয়নালের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। আহত দুইজন হলো ওই এলাকার রাজা মিয়ার ছেলে আহমেদ নুর ও মোস্তাকের ছেলে আরাফাত।
আহতদের চাচা হাফেজ জয়নালের অভিযোগ, মাদক পাচারের একটি ঘটনা দেখে ফেলায় তাঁদের বাড়িতে হামলা চালানো হয়।
জয়নাল জানান, বুধবার সন্ধ্যায় তাঁর ভাই মোস্তাক হোয়াইক্যংয়ের মিনাবাজার সীমান্তসংলগ্ন একটি খালে জাঁকিজাল দিয়ে মাছ ধরতে যান। রাত সাড়ে সাতটার দিকে তিনি সীমান্ত পেরিয়ে মিনাবাজার এলাকার ইউসুফ আলীর দুই ছেলে মান্নান ও সালেহকে মাদকের চালান নিয়ে আসতে দেখেন বলে দাবি করেন। এ ঘটনা দেখে ভয়ে তিনি বাড়িতে ফিরে আসেন।
জয়নালের ভাষ্য, মোস্তাকের বাড়ি ফেরার খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে মান্নান ও সালেহর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের বাড়িতে আসে। এরপর সেখানে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়। এ সময় আহমেদ নুরের পেটে গুলি লাগে এবং আরাফাত ছুরিকাঘাতে আহত হয়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ ঘটনাস্থলে আসছে—এমন খবর পেয়ে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি করেন জয়নাল।
পরে আহত দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহমেদ নুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরাফাত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজ জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মিনাবাজারের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


