মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার ও পেঁয়াজ-রসুন জব্দ, আটক ১০

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্র থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার, পেঁয়াজ ও রসুনসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটক বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা (১২ হাজার কেজি) ইউরিয়া সার, ১৯০ বস্তা (৩ হাজার ৮০০ কেজি) রসুন এবং ৯০ বস্তা (৪ হাজার ৫০০ কেজি) পেঁয়াজ উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটটিতে থাকা একজন রোহিঙ্গাসহ মোট ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


