টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি, থানায় হস্তান্তর

কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা ৫৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে তাঁদের টেকনাফ মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র মানবপাচারকারীদের প্রতিরোধের মুখে পড়ে যৌথ বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। মানবপাচারকারীদের ছোড়া গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করা হয়। একই সঙ্গে চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দেশীয় তৈরি একটি বন্দুক এবং চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
অভিযানে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ অংশ নেয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, তাঁদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সেনাসদস্য নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
ওসি আরও জানান, অভিযান শেষে প্রাথমিকভাবে ৫৭ জনকে উদ্ধারের তথ্য দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে পরিচয় যাচাই করে তাঁদের মধ্যে একজনকে মানবপাচারকারী চক্রের দালাল হিসেবে শনাক্ত করা হয়। ফলে প্রকৃত জিম্মির সংখ্যা দাঁড়ায় ৫৬ জনে।
এদিকে, মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দুর্গম পাহাড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় মানবপাচারকারীদের আস্তানা স্থায়ীভাবে নির্মূল করতে আরও কঠোর ও সমন্বিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভোলায় প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় জনস্রোত

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন

টেকনাফে বসতঘরে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ১২ বছরের শিশু

