শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবিধান থেকে এই বিষয়টি বাদ দিয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে তা পুনর্বহাল করবে।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা ও দীর্ঘ আলোচনা-পর্যালোচনার মধ্য দিয়ে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর উদ্যোগ নেওয়া হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যা ও নির্যাতনের জন্য আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) দেশের মানুষ আর রাজনীতিতে ফিরতে দেবে না। যারা মানুষের রক্ত ঝরিয়েছে এবং স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছে, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনো গণহত্যার জন্য দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া দলটির নেতারা দিল্লিতে অবস্থান করছেন। তাঁদের দেশে ফিরে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের ভূমিকার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, সংগঠনটি অরাজনৈতিক হলেও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে গেছে। বর্তমান আমির আল্লামা শাহ মুহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এর আগে সংগঠনের দায়িত্বে ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
দেশের স্বাধীনতা অর্জন এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের সময়কাল তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার জন্য ২৩ বছর সংগ্রাম করতে হয়েছে। অন্যদিকে ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেম-বিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর লেগেছে। এ সময়ে বহু আলেম-ওলামা ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তাঁদের অনেকের পরিচয় ও কবরের সন্ধান এখনো পাওয়া যায়নি।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হতাহতের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এ ছাড়া আগের ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। নিজের কারাবন্দি ও গুম হওয়ার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘আমিও তাদের একজন ছিলাম। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় বেঁচে আছি।’
এ সময় প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে হয়রানির মুখে পড়েছেন বলেও দাবি করেন তিনি।
গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির অপচেষ্টা নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, এ খাতে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে। পাশাপাশি ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা কিছু গোষ্ঠীর নির্বাচনী ইশতেহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, এসব দলের বক্তব্য ও নির্বাচনী ইশতেহারের মধ্যে অসংগতি রয়েছে; ইশতেহারে শরিয়াভিত্তিক শাসনব্যবস্থার প্রতিফলন নেই।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণহত্যা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা মানুষ হত্যা করেছে, আলেম-ওলামার রক্ত ঝরিয়েছে এবং মসজিদে হামলা চালিয়েছে, তাদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত নয়।
আন্দোলনের নামে বিভ্রান্তি না ছড়িয়ে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ভুলত্রুটি নিয়ে সমালোচনা করা যেতে পারে। তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো আন্দোলন করা ঠিক নয়।
দেশের অর্থনৈতিক অগ্রগতির পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জাতীয় ঐক্য বজায় রেখে রপ্তানি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে কাজ করতে চায়। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আলেম-ওলামা ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
বাবুনগর মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও জেলা পুলিশ সুপার মাসুদ আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন এলাকার আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরাও সম্মেলনে অংশ নেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

