ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদসহ আট পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক সহকারী কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হারুন অর রশীদের বরখাস্তের আদেশ কার্যকর হবে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে। দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এত দিন তিনি সাময়িক বরখাস্ত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হারুন অর রশীদ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত হন। তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কাজে যোগ দেননি।
এ ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও হারুন অর রশীদ কোনো লিখিত জবাব দেননি। জবাব দেওয়ার জন্য সময়ও চাননি। পরে গত ২২ জুন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। ৬ আগস্ট জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে কর্মস্থল ত্যাগের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপর ২০ আগস্ট তাঁকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেটিরও জবাব দেননি তিনি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্তের মতো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়। ১ অক্টোবর কমিশন তাঁকে বরখাস্তের সুপারিশ করে।
বিভাগীয় মামলার নথি, তদন্ত প্রতিবেদন ও পিএসসির মতামত পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এ সিদ্ধান্তে অনুমোদন দেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
হারুন অর রশীদের মতো কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে আরও সাত পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও চাকরিচ্যুত করা হয়েছে।
তাঁরা হলেন রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সরকার এবং ডিএমপি ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার ফারহানা তাসকিন।
প্রজ্ঞাপনে তাঁদের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতি, অসদাচরণ এবং দেশের বাইরে গিয়ে আর কর্মস্থলে ফিরে না আসার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক সহকারী কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ধরনের আচরণকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

