কারাগারে পাঠিয়ে দমিয়ে রাখা যাবে না, মুক্তির পর আখতারুজ্জামান

কারাবাস কিংবা ভয়ভীতি দেখিয়ে অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরানো যাবে না বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এক মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে শুক্রবার (৬ নভেম্বর) কিশোরগঞ্জের কটিয়াদীতে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আখতারুজ্জামান বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে তাঁকে এক মাস দুই দিন কারাগারে থাকতে হয়েছে। তবে কারাভোগ তাঁকে অন্যায়ের প্রতিবাদ থেকে সরাতে পারেনি।
তিনি বলেন, ‘কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থাকলে অন্যায়ের বিরুদ্ধে হিমালয়সম দৃঢ়তা নিয়ে প্রতিবাদ করতে পারব। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই না। যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে।’
নিজের রাজনৈতিক জীবনের অতীত প্রসঙ্গে তিনি জানান, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছর রাজনীতি করেছেন। সেই সময়ের রাজনৈতিক অভিজ্ঞতাকে অস্বীকার না করলেও সময়ের পরিবর্তনে তাঁর রাজনৈতিক পথ বদলেছে বলে মন্তব্য করেন তিনি।
আখতারুজ্জামান বলেন, ‘আমি বিএনপির সঙ্গে ৪০ বছর রাজনীতি করেছি। সেই রাজনীতি আমার কাছে ছিল বিশাল এক নদীর মতো। ওই রাজনীতিকে আমি ভুল বলছি না। তবে সময়ের পরিবর্তনে সেই নদীতে এখন চর পড়েছে। জীবনের এক বাঁকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আমি আরেকটি বিশাল নদীতে এসে যুক্ত হয়েছি। সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।’
নতুন রাজনৈতিক পথচলা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে লক্ষ্য তাঁরা সামনে রেখে এগোচ্ছেন, তা একদিন সফল হবে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে কোনো বাধার কাছে মাথা নত করবেন না বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথে কটিয়াদী-মঠখোলা সড়কের কটিয়াদী সীমানায় তাঁকে স্বাগত জানান জামায়াতের নেতাকর্মীরা। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। পরে শোভাযাত্রা সহকারে কটিয়াদী বাসস্ট্যান্ডের সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। স্লোগান ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান দলীয় নেতা-কর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পিরোজপুর পৌর শ্মশানের কালীমন্দিরে ভাঙচুর, প্রতিমায় অগ্নিসংযোগ

পাগলা মসজিদের দানবাক্সে কত সোনা-রুপা, শুরু হলো গণনা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা চিরকুট

কিশোরগঞ্জে মসজিদের নিলামে দুই হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে রেললাইন অবরোধ

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ বিক্ষোভ মিছিল

মায়ের পরকীয়ার বলি দেড় বছরের নূসরাত, গলাটিপে হত্যার দায় স্বীকার

কিশোরগঞ্জ শহরে পিবিআই সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

