অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা চিরকুট

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে প্রতি বছরের মতো এবারও শুধু টাকা-পয়সা বা স্বর্ণালংকারই নয়, পাওয়া গেছে মানুষের নানা আশা-আকাঙ্ক্ষা, প্রার্থনা ও আবেদন লেখা অসংখ্য চিঠি-চিরকুট। এসবের মধ্যে একটি চিরকুটে লেখা ছিল, ‘হাদি হত্যা বিচার চাই’।

শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্স থেকে উদ্ধার হওয়া অর্থ ও মূল্যবান সামগ্রী গণনার সময় এসব চিঠি ও চিরকুটও পাওয়া যায়।

Sponsored Link

উদ্ধার হওয়া একটি চিরকুটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার চাওয়া হয়েছে। সেখানে সংক্ষেপে লেখা ছিল, ‘হাদি হত্যা বিচার চাই’।

এ ছাড়া আরেকটি চিঠিতে বাংলাদেশের ফুটবল নিয়ে এক সমর্থকের আবেগঘন প্রত্যাশার কথা উঠে এসেছে। তিনি আল্লাহর কাছে দোয়া করে লিখেছেন, বাংলাদেশ যেন ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। একই সঙ্গে দেশের ফুটবলের উন্নয়ন, খেলোয়াড়দের সফলতা এবং বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন পূরণের প্রার্থনাও করেছেন তিনি।

Sponsored Link

এর আগে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ উপস্থিত ছিলেন।

দানবাক্স খোলার পর মসজিদের দ্বিতীয় তলায় অর্থ গণনার কাজ শুরু হয়। বেলা সাড়ে ১২টা পর্যন্ত গণনায় প্রায় ১০ কোটি টাকা পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিরতির পর আবারও গণনার কাজ শুরু হয়েছে।

Sponsored Link

পাগলা মসজিদের দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি নানা ধরনের চিঠি ও চিরকুট পাওয়া নতুন কোনো ঘটনা নয়। ব্যক্তিগত ইচ্ছা, দোয়া, মানত কিংবা বিভিন্ন দাবি-দাওয়া জানিয়ে অনেকেই দানবাক্সে এমন বার্তা রেখে যান। এবারও সেই ধারাবাহিকতায় নানা বিষয়ের আবেদন উঠে এসেছে উদ্ধার হওয়া চিরকুটগুলোতে।

ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link