ভাতিজাকে হত্যার পর জামিনে মুক্তি পেয়ে চাচাকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামের এক চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত রবিউল ইসলাম আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে। তিনি গত ২৬ জুন খুন হওয়া কলেজছাত্র সুমন শেখের চাচা। হামলায় আহতরা হলেন—মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রবি কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন। প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে একই এলাকার অন্য তিনজনের সঙ্গে তিনি বাড়ির দিকে রওনা হন। পথে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা একদল সশস্ত্র লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা তিনজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও গ্রাম্য বিরোধ চলে আসছে। গত চার বছর ধরে এই বিরোধের জেরে একাধিক সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এই বিরোধের জের ধরে গত ২৬ জুন সন্ধ্যায় একই ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া গ্রামের উকিল শেখের বাড়ির সামনে মোটরসাইকেলে যাওয়ার সময় রবির ভাই আলাউদ্দিন শেখের ছেলে এবং কাশিয়ানী এম.এ. খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সুমন শেখকে (২৪) কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছিল।
সুমন হত্যা মামলার কয়েকজন আসামি সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। নিহতের স্বজনদের অভিযোগ, সুমনের হত্যাকাণ্ডের পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং পূর্ববিরোধের জেরেই রবিউল ইসলামকে হত্যা করা হয়েছে। তবে জামিনে থাকা ব্যক্তিরা এই হত্যাকাণ্ডে জড়িত কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

শিবগঞ্জ উপজেলা বিএনপির পদ থেকে মীর শাহে আলমের পদত্যাগ

বগুড়া সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বগুড়ার মীর শাহে আলম

মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন মীর শাহে আলম, শপথের প্রস্তুতি

