গোপালগঞ্জে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আ. লীগের বিক্ষোভ মিছিল

লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বের হওয়া এ মিছিল থেকে পুলিশের ব্যারিকেড ভাঙা, সাঁজোয়া যানে স্লোগান লেখা এবং কয়েকটি স্থাপনার নামফলক পরিবর্তনের ঘটনা ঘটেছে। মিছিলকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার পর জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। তাঁদের জমায়েত হয় শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায়। পরে দুপুর ১২টার দিকে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল বের করেন তাঁরা।
মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। পথে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান মিছিলকারীরা। তাঁরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল চলাকালে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যানে লাল রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন কয়েকজন। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা হয়।
এরপর পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধের চেষ্টা করেন মিছিলকারীরা। এ সময় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর হয়। লঞ্চঘাট এলাকায় প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।
মিছিল ও এসব ঘটনাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক দোকানি দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লঞ্চঘাট, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যদের মোতায়েন করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, জেলার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি সদস্য মাঠে রয়েছেন।
বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, জেলার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনার আওতায় কর্মকর্তাসহ মোট ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত মোবাইল প্যাট্রল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছিল। গোপালগঞ্জ সদরসহ জেলার চারটি উপজেলায়ও প্রয়োজন অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়। শহরের সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় পর্যাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন।
ভবিষ্যতেও মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ছয় প্লাটুনে প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে গোপালগঞ্জে সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবির পাশাপাশি পুলিশ, এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরাও মাঠে রয়েছেন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজনে পুলিশ, এপিবিএন ও আনসার থেকে অতিরিক্ত সদস্য পাঠানোর প্রস্তুতিও রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান আরও বলেন, নাশকতার মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সাধারণ মানুষের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ চলবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২

বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৩ যুবকের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের

গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে: রাশেদ খাঁন

বগুড়ার শেরপুরে মহাসড়ক অবরোধ

হামলার পর রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি

