সখীপুরে মাকে ‘আন্টি’ বলে ডাকায় শিশুকে কুপিয়ে হত্যা করলেন মা

টাঙ্গাইলের সখীপুরে সাড়ে ৩ বছরের শিশুপুত্র আশরাফুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় সিদরাতুল (৮) নামের আরেক শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আকলিমা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিদরাতুল আকলিমা বেগমের আগের সংসারের মেয়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে কোনো সন্তান না থাকায় প্রথম স্ত্রীর উদ্যোগেই তিনি আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। আকলিমার গর্ভে আশরাফুলের জন্ম হয়। আকলিমা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার কারণে বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। এ কারণে আশরাফুলকে শাহীন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তার লালন-পালন করতেন। শিশুটি নাসিমাকে ‘বড়মা’ এবং নিজের জন্মদাত্রী মাকে ‘আন্টি’ বলে ডাকত।
স্থানীয়দের ধারণা, নিজের সন্তান তাকে ‘আন্টি’ বলে ডাকায় আকলিমার মনে ক্ষোভ বা অভিমানের সৃষ্টি হতে পারে। তবে পরিবারের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। ফলে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত শিশুর বাবা শাহীন মিয়া বলেন, বিয়ের প্রায় ৩০ বছর পর তিনি পুত্রসন্তানের মুখ দেখেছিলেন। সেই সন্তানকে তার দ্বিতীয় স্ত্রী এভাবে হত্যা করলেন। আকলিমার আগের ঘরের মেয়ে সিদরাতুলকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ঘটনার পর আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ঘটনাস্থলটি সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। সুরক্ষার স্বার্থে অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে



