শ্রীপুরে গরু চুরি বন্ধ না হওয়ায় পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে একের পর এক গরু চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের শতাধিক বাসিন্দা। চুরি বন্ধে পুলিশের কার্যকর উদ্যোগ না থাকা এবং অভিযোগের পরও যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে থানার সামনে অবস্থান নেন তারা।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামবাসী দ্রুত গরু চুরি বন্ধ, এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, গত এক মাসে পোষাইদ গ্রামে অন্তত ৫০টি গরু চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে বাড়ির তালা ভেঙে কিংবা কেটে গোয়ালঘর থেকে গরু নিয়ে যাচ্ছে চোরেরা। শুধু রাতেই নয়, দিনের বেলায় বাড়ি ফাঁকা থাকার সুযোগেও গরু চুরি হচ্ছে বলে অভিযোগ তাদের।

গ্রামের বাসিন্দা রাজু মিয়া বলেন, গত এক সপ্তাহেই অন্তত ১০টি কৃষক পরিবার গরু হারিয়েছে। অনেকের গোয়ালঘর এখন গরুশূন্য। চুরির পর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে যেতে গড়িমসি করে বলে তাঁর অভিযোগ।
আরেক বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, চুরির ঘটনায় একাধিকবার থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে না আসায় এবং মামলা নিতে অনীহা দেখানোয় চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে বিভিন্ন খরচের জন্য টাকা দেওয়ার অভিযোগও করেন তিনি।
বিক্ষোভকারীরা বলেন, গরু অনেক কৃষক পরিবারের আয়ের গুরুত্বপূর্ণ অবলম্বন। একের পর এক গরু চুরি হওয়ায় ক্ষতির পাশাপাশি তাঁদের মধ্যে নিরাপত্তাহীনতাও তৈরি হয়েছে। দ্রুত এলাকায় পুলিশি টহল বাড়িয়ে চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানান তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পোষাইদ গ্রামের গরু চুরির বিষয়টি পুলিশ অবগত আছে। ইতিমধ্যে এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে দ্রুত মামলা নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া বলেন, সাম্প্রতিক সময়ে এসব চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
