বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল আরডিএ এলাকায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মহাসড়কের উন্নয়নকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিসিএল (CPCL) পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না করায় সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের পথ না থাকায় সড়কের দুই পাশের বসতবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
তারা আরও বলেন, মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। জনভোগান্তি লাঘবে দ্রুত এসব স্থাপনা উচ্ছেদ এবং স্থায়ী ড্রেন নির্মাণের দাবি জানান তারা।
গাড়িদহ ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, শিক্ষক কোরবান আলী আনসারী, আব্দুল খালেক, আব্দুল্লাহ, মতিউর রহমান, শফিকুল ইসলাম, স্বপ্না খাতুন ও সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


