কাজীপুরে অবৈধভাবে সার পরিবহনের দায়ে ৩ ভ্যানচালকের জরিমানা, ৪৮ বস্তা সার জব্দ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় অবৈধভাবে পরিবহনের সময় ৪৮ বস্তা ডিএপি সার আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেআইনিভাবে সার পরিবহনের দায়ে তিন ভ্যানচালককে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাটুয়ারপাড়া চরে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ভ্যানচালকেরা হলেন, উপজেলার নাটুয়ারপাড়ার মৃত জোহর আলীর ছেলে হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের ছেলে নেছারুদ্দিন এবং বিলসুন্দর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিলন রানা। ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেওয়া কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, সারের বস্তাগুলো ভ্যানে বোঝাই করে তেকানি বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।
কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন জানান, জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে ৫০ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। সারের অবৈধ মজুত গড়ে তোলা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার মতো অপতৎপরতার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

