দিনাজপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল (৫২) নামের এক অটো ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করে অটো ভ্যানটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
নিহত মোকছেদুল উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মোকছেদুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার ভোরে মানিতবাটি গ্রামের শফিউদ্দিনের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, রোববার বিকেল থেকে সোমবার ভোরের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটো ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে

