রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং পৃথক দুই ধারায় আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পারভেজ রহমান পলাশ আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ রংপুর মহানগরীর হারাগাছ থানার বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আব্দুল হাদী বেলাল।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় গাঁজাসহ পলাশকে আটক করেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক পিয়ারুল ইসলাম। আটক করার সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করা হয় এবং মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনায় আদালতের এই রায়ে ন্যায়বিচার হয়েছে। এতে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, রায়ে তারা সন্তুষ্ট নন। ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতে আপিল করা হবে।


