বগুড়ায় সাংবাদিকতায় আসার স্মৃতিচারণ করলেন আতিকুর রহমান রুমন

ছবি আঁকা বা চারুকলায় পড়ার ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে কীভাবে সংবাদপত্রে যুক্ত হলেন, সেই স্মৃতিচারণ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৃহস্পতিবার বগুড়ার একটি কনভেনশন সেন্টারে স্থানীয় ‘দৈনিক বগুড়া’ পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আলোচক হিসেবে নিজের প্রারম্ভিক কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আতিকুর রহমান রুমন জানান, ছাত্রজীবনে তাঁর গভীর আগ্রহ ছিল চারুকলায় পড়ার। তবে সরকারি শাহ্ সুলতান কলেজে পড়ার সময় ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর মধ্যে এক সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন। কলেজ থেকে ফেরার পথে ‘দৈনিক আজ ও আগামীকাল’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ড. জাহিদ কামালের সঙ্গে তাঁর দেখা হয় এবং তিনি ঘটনার মৌখিক বিবরণ শোনেন। পরে তাঁর নির্দেশনায় এক পৃষ্ঠার একটি বিবরণ লিখে দেন। পরদিন সেই প্রতিবেদনটি নিজের নামে ছাপা হতে দেখে তিনি বিস্মিত হন। এরপর ড. জাহিদ কামালের পরামর্শ ও সহযোগিতায় পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিত সংবাদমাধ্যমে কাজ শুরু করেন।
সাংবাদিকতাকে একটি দায়বদ্ধতামূলক পেশা ও তীব্র ভালো লাগার জায়গা উল্লেখ করে তিনি বলেন, জীবনের বড় একটি অংশ তিনি এ পেশার সঙ্গে যুক্ত থেকেছেন। এ সময় তিনি প্রবীণ সাংবাদিকদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি বগুড়ার গণমাধ্যমের বিকাশ ও স্থানীয় উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি জানান, বগুড়ায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে আলোচনা হয়েছে এবং এতে নীতিগত সম্মতি মিলেছে।
এ ছাড়া বগুড়া প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের ভূমিকা এবং সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রেস ক্লাব ভবন উদ্বোধনের বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন তিনি।
পরিশেষে বগুড়ার সামগ্রিক উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দাবি তুলে ধরার আহ্বান জানান আতিকুর রহমান রুমন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


