বিদায় সংবর্ধনার দিন চলে গেলেন প্রধান শিক্ষক তপন কুমার সাহা

চাঁদপুরের হাজীগঞ্জে অবসরের বিদায় অনুষ্ঠানের দিনই মারা গেছেন রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯)। সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সোমবার ছিল তপন কুমার সাহার চাকরিজীবনের শেষ কর্মদিবস। তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু বিদায় অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছায় তাঁর মরদেহ। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক লিমা আক্তার জানান, দুপুরে প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বিদায় সংবর্ধনা ও স্মারক দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু ভোরে খবর আসে, তিনি নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিদায় অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ও বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম বলেন, তপন কুমার সাহাকে বিদ্যালয় থেকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু এমন দিনে তিনি এভাবে সবার কাছ থেকে চিরবিদায় নেবেন, তা কেউ কল্পনাও করতে পারেনি।
তপন কুমার সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চাঁদপুরে গ্রাহকের স্বর্ণ ও অর্থ আত্মসাৎকারী সেই ব্যবসায়ী সপরিবারে আটক

বিদেশে শ্রমশক্তি রফতানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার

