সোনাগাজীতে পরকীয়ার অপবাদে নারী-পুরুষকে ১৬ ঘণ্টা খুঁটিতে বেঁধে নির্যাতন

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অপবাদে এক নারী ও এক পুরুষকে প্রায় ১৬ ঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভার ওই নারীর বাড়িতে আত্মীয়তার সূত্রে বেড়াতে এসেছিলেন চর চান্দিয়া ইউনিয়নের বাসিন্দা এরশাদ উল্লাহ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের ঘর থেকে বের করে নিয়ে আসে এবং বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে।
ভুক্তভোগীদের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা তাদের খুঁটিতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একই সঙ্গে স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক ওই নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদের জন্য চাপ সৃষ্টি করে।

খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারী ও পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


